দ্বিতীয় দফার ভোটেও অশান্ত কাশ্মীর, কারচুপির অভিযোগ পিপিপির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর (এজেকে) নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে মুজাফফরাবাদ বিভাগের নয়টি আসনের মধ্যে আটটিতে এবং শরণার্থী কোটার ১২টি আসনে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, ভূমিধস ও ভারী বৃষ্টির কারণে এলএ-২৭ (মুজাফফরাবাদ-১) আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বাকি আটটি আসনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ হয়েছে।
এসব আসনের মধ্যে মুজাফফরাবাদ জেলার চারটি, জেলাম ভ্যালি জেলার দুটি এবং নীলম জেলার দুটি আসন রয়েছে।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের আগে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদে নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় নিরাপত্তা।
মুজাফফরাবাদে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকদের বিক্ষোভের পর আবারও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত একজন নিহত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। মুজাফফরাবাদ শহরের প্রায় সব ঘনবসতিপূর্ণ এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছেন।
এদিকে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মুজাফফরাবাদে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশ ও রেঞ্জার্স সদস্যসহ ১৮ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়া মুজাফফরাবাদের এলএ-৫ (খাওড়া) এবং এলএ-৩ (লাজরাহ) আসনকে অত্যন্ত স্পর্শকাতর (অতিসংবেদনশীল) হিসেবে ঘোষণা করা হয়েছে।
কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি রোববার অভিযোগ করেছেন, আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) নির্বাচনের দ্বিতীয় ধাপেও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ভোট ‘ছিনতাই’ করেছে।
ভোটার সংখ্যা কম, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
মুজাফফরাবাদে অবস্থানরত সংবাদদাতা তাবিন্দা কাওকাব জানান, শহরের কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও তুলনামূলক নিরাপদ এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে কিছুটা সরব পরিবেশ দেখা গেলেও ভোটারদের তুলনায় পাঞ্জাব পুলিশের সদস্যদের উপস্থিতিই ছিল অনেক বেশি।
তার ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর কারণ হিসেবে সাপ্তাহিক ছুটি (রোববার) এবং বৃষ্টির কথা উল্লেখ করেছেন।
একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ আওয়ান বিবিসিকে জানান, ভোটগ্রহণের সময়সূচি নিয়ে আগের রাতে ছড়িয়ে পড়া গুজবও ভোটার উপস্থিতি কমে যাওয়ার অন্যতম কারণ।
নির্বাচনের আগে মুজাফফরাবাদে বিবিসি যা দেখেছে
ভোটগ্রহণের এক দিন আগে বিবিসি মুজাফফরাবাদ শহর ঘুরে দেখেছে এবং দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা জানার চেষ্টা করেছে।
শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়। প্রতিটি যানবাহনের সঙ্গে সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
মুজাফফরাবাদে স্থানীয় পুলিশের পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব ও সিন্ধু পুলিশ থেকেও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে মুজাফফরাবাদে বিক্ষোভ-প্রতিবাদের পর শহরের পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। শহরের প্রায় সব ঘনবসতিপূর্ণ এলাকা—গুজরা, তারিকাবাদ, আপার প্লেট, সেন্টার প্লেট, লোয়ার প্লেট, সামান বান্ডি ও চেইলা বান্ডিতে বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন।
একটি স্থানে বিক্ষোভকারীরা যানবাহনে থাকা লোকজনকে কঠোর ভাষায় বলছিলেন, ‘গাড়ি ঘুরিয়ে ফিরে যান। এর বেশি আমরা আর কিছু বলব না।’
বিবিসির সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখা আরেক ব্যক্তি বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে আমাদের লোকজনের ওপর গুলি চালানো হচ্ছে। এমন মানুষও নিহত হচ্ছেন, যাদের বিক্ষোভ বা অ্যাকশন কমিটির সঙ্গে কোনো সম্পর্কই নেই।’
এর আগে, প্রথম ধাপের ভোটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত হয় অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে আন্দোলনকারীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন।
আজাদ কাশ্মীরভিত্তিক রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে) গত কয়েক মাস ধরে বিধানসভায় ‘শরণার্থী কোটা’ তুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের কারণে গত জুন মাসে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
বিবিসি উর্দু ও ডন

