পাকিস্তানের উত্তরাঞ্চল পরিষ্কার রাখতে পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উত্তরাঞ্চল ভ্রমণের সময় পরিবেশ রক্ষা ও যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য পর্যটকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে আফ্রিদি পাকিস্তানের এই দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার করুণ চিত্র তুলে ধরেন। পাহাড়, হ্রদ ও জলপ্রপাতের মতো মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্থানে প্লাস্টিক, বোতল ও নানা ধরনের ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে আফ্রিদি লেখেন, ‘উত্তর পাকিস্তানের শ্বাসরুদ্ধকর সুন্দর পর্বতমালা ঘুরে দেখা আনন্দের, কিন্তু সেখানে নিজের ফেলা ময়লা রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌন্দর্য উপভোগ করুন, স্মৃতি বয়ে নিয়ে যান, কিন্তু রেখে যান কেবল নিজের পদচিহ্ন। আমাদের সুন্দর পাকিস্তানকে পরিচ্ছন্ন ও সবুজ রাখা আমাদের সবার যৌথ দায়িত্ব।’
ভিডিওটিতে দেখা যায়, পরিবেশ পরিচ্ছন্ন করার কাজে নিজেই হাত দিয়েছেন আফ্রিদি। ময়লা সরানোর পাশাপাশি তিনি বলেন, ‘এখানে আসুন, পরিবারের সঙ্গে আনন্দ করুন, কিন্তু এভাবে যত্রতত্র ময়লা ফেলবেন না।’ তিনি উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষায় পর্যটকদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি স্থানীয়দের জন্য ব্যবহারিক সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরি করতে তিনি নিজ উদ্যোগে ওই এলাকায় ৪ থেকে ৫টি ডাস্টবিনের ব্যবস্থা করছেন বলেও জানান।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় শিশুদের একটি বিশেষ ইচ্ছার কথাও তুলে ধরেন এই সাবেক অলরাউন্ডার। আফ্রিদি জানান, ওই এলাকার শিশুরা তার কাছে এসে ক্রিকেট খেলার জন্য একটি পিচ তৈরির ছোট অনুরোধ জানিয়েছে।
শিশুদের সেই স্বপ্ন পূরণের আশ্বাস দিয়ে আফ্রিদি বলেন, ‘এই ছোট শিশুরা আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই একটি ক্রিকেট পিচ চেয়ে অনুরোধ করেছে। আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যেই তাদের জন্য একটি পিচের ব্যবস্থা করে দিতে।’
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

