Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূত হাকাবির পদত্যাগের দাবি মার্কিন সিনেটরের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূত হাকাবির পদত্যাগের দাবি মার্কিন সিনেটরের

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: সংগৃহীত

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন।  তিনি অভিযোগ করে বলেন, হাকাবি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছেন এবং ইসরাইল সরকারের একজন ‘সমর্থক’ হিসেবে ভূমিকা পালন করছেন।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় ভ্যান হলেন বলেন, ‘ইসরাইলে আমাদের মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির পদত্যাগের সময় এসেছে। একজন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। রাষ্ট্রদূত হাকাবি তা করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তিনি (হাকাবি) ইসরাইলের উগ্রপন্থি সরকারের সমর্থকে পরিণত হয়েছেন।’

ভ্যান হলেন হাকাবির সাম্প্রতিক এক মন্তব্যেরও সমালোচনা করেন।  সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, ইসরাইল যদি ‘গ্রেটার ইসরাইল’ ধারণার আওতাভুক্ত ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়, তাহলে তিনি সেটিকে সমর্থন করবেন কি না। ভ্যান হলেনের দাবি, হাকাবি জবাবে বলেছিলেন, ‘তারা সবটাই নিয়ে নিলে তাতেও সমস্যা নেই।’


এ ছাড়া, ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগও হাকাবির বিরুদ্ধে তুলেছেন ভ্যান হলেন। তিনি কয়েকজন মার্কিন নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার ও অন্যায়ভাবে আটক রাখার অভিযোগের কথা উল্লেখ করেন।

ভ্যান হলেন জানান, তিনি এবং আরও ৩০ জন সিনেটর এর আগে হাকাবিকে ইসরাইল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাদের দাবি ছিল, গত চার বছরে নয়জনের বেশি মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় ইসরাইল সরকারকে জবাবদিহির আওতায় আনা।


পবিত্র ভূমিতে খ্রিস্টানদের সুরক্ষাতেও হাকাবি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন ভ্যান হলেন। তার দাবি, পশ্চিম তীরে খ্রিস্টান গ্রামগুলোতে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা বেড়েছে এবং এসব হামলার জন্য তাদের তেমন কোনো শাস্তি হচ্ছে না।

ভ্যান হলেন বলেন, ‘তার নিজের মানদণ্ড অনুযায়ীও তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তার উচিত ছিল মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। তাই তার আজই পদত্যাগ করা উচিত।’

তথ্যসূত্র: আনাদোলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম