Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়। ফাইল ছবি

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে এক নারী নিহত ও ৯৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।  খবর জিও নিউজের

শুক্রবার (১৪ আগস্ট) এডি ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু এবং ৫৯ পুরুষ রয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপনের নামে আকাশে গুলি ছোড়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, করাচির লিয়াকত, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টারস ও ডিফেন্সসহ বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

এদিকে,গুলি ছোড়ার অভিযোগে করাচির পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় জেলা থেকে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। 


উৎসব উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার বিরুদ্ধে করাচির বাসিন্দাদের বারবার সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, আকাশে ছোড়া গুলি শেষ পর্যন্ত মাটিতে ফিরে এসে নিরীহ মানুষকে গুরুতর আহত বা নিহত করতে পারে। 

স্বাধীনতা দিবসের উদযাপনে করাচিতে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২৫ সালে আকাশে গুলি ছোড়ার ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৭৫ জন আহত হয়েছিলেন। আর ২০২৪ সালে একই ধরনের ঘটনায় প্রায় ৯৫ জন আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .