Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রাশিয়ান ‘এসকর্টের’ পাতা বোমায় প্রাণ গেল নৌ কর্মকর্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

রাশিয়ান ‘এসকর্টের’ পাতা বোমায় প্রাণ গেল নৌ কর্মকর্তার

রুশ কর্মকর্তা রবার্ট শাগেয়েভকে হত্যার অভিযোগে মার্গারিটা রেউট নামে এক নারী গ্রেফতার।

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের কর্মকর্তা ও সাবেক ইউক্রেনীয় নৌ কর্মকর্তা রবার্ট শাগেয়েভ। এ ঘটনায় ৩২ বছর বয়সি মার্গারিটা রেউট নামে এক নারীকে গ্রেফতার করেছে রুশ কর্তৃপক্ষ।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়ার সেভাস্তোপোলে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান ৪৯ বছর বয়সি শাগেয়েভ। খবর এনডিটিভির। 

রাশিয়ার তদন্তকারীরা দাবি করেছেন, রেউট একটি ডাস্টবিনের ভেতরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছিলেন এবং শাগেয়েভ সিঁড়ি দিয়ে নামার সময় সেটি বিস্ফোরিত হয়।  অভিযোগ ওঠে, মার্গারিটা পাশের একটি বেঞ্চের কাছে থাকা ময়লার পাত্রে বিস্ফোরক রেখে দিয়েছিলেন।

নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাসিন্দারা প্রথমে এটিকে আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলা বলে মনে করেছিলেন।

ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, তদন্তে ওই নারী ইউক্রেনীয় বিশেষ বাহিনীর নির্দেশে কাজ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রুশ কর্তৃপক্ষ মার্গারিটা রেউটের বিরুদ্ধে ‘মৃত্যু ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনেছে। রুশভিত্তিক সংবাদমাধ্যম ই২ডব্লিউ নিউজের দাবি, তিনি হামলার কথা স্বীকার করেছেন এবং বর্তমানে তাকে আদালতের নির্দেশে হেফাজতে রাখা হয়েছে।

ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগ

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাটি কিয়েভের নির্দেশে পরিচালিত একটি অভিযানের অংশ হতে পারে। তবে রেউট কীভাবে বা কখন ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, কথিত হত্যাকাণ্ডের পর রেউট রাশিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। হামলার জন্য অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ বলেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম ম্যাশ।  

কে এই মার্গারিটা রেউট?

রাশিয়ার ইয়ারোস্লাভলে জন্ম নেওয়া মার্গারিটা রেউট আগে সোচিতে বসবাস করতেন এবং নিয়মিত ক্রিমিয়ায় যাতায়াত করতেন। ম্যাশের তথ্য অনুযায়ী, তিনি জীববিজ্ঞানী হিসেবে কাজ করতেন এবং ফুলের নির্যাসযুক্ত নারীদের স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্য তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। রুশ গণমাধ্যমের দাবি, মার্গারিটা নিয়মিত ক্রিমিয়ায় যাতায়াত করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আগে ‘এসকর্ট’ ওয়েবসাইটে কাজ করতেন। 

২০২৫ সালের জুলাইয়ে একটি ট্রেনে ইউক্রেনপন্থী মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। সে সময় ইউক্রেনীয় ড্রোন হামলার পর দেওয়া ওই মন্তব্যের কারণে তাকে দুই দিনের জন্য আটক রাখা হয় এবং রুশ সেনাবাহিনীকে ‘অসম্মান’ করার অভিযোগে জরিমানাও করা হয়। বর্তমান মামলায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রবার্ট শাগেয়েভ কে ছিলেন?

রবার্ট শাগেয়েভ ছিলেন একজন ইউক্রেনীয় নৌ কর্মকর্তা, যিনি ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার পক্ষে চলে যান। সে সময় তিনি ইউক্রেনের একমাত্র সাবমেরিন ‘জাপোরিঝঝিয়া’র ভারপ্রাপ্ত কমান্ডার ছিলেন।

পরে সাবমেরিনসহ রুশ বাহিনীতে যোগ দেওয়ার কারণে ইউক্রেন তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। এছাড়া রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনে অংশ নেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার অধীনস্থ নৌবহর সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় জড়িত ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .