Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হাসপাতালে চাকরি, বেতন ২৫ লাখ রুপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

হাসপাতালে চাকরি, বেতন ২৫ লাখ রুপি

পাকিস্তানের পাঞ্জাবে নবপ্রতিষ্ঠিত নওয়াজ শরিফ ক্যানসার হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসক ও প্রশাসনিক পদগুলোর জন্য নজিরবিহীন উচ্চ স্কেলের বেতন ঘোষণা করা হয়েছে। 

এই কাঠামো অনুযায়ী হাসপাতালটির ডিন পদের জন্য মাসিক ২৫ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে, যা বছরে দাঁড়াচ্ছে ৩ কোটি রুপি। খবর সামা টিভির। 

এ ছাড়া মেডিকেল ডিরেক্টর ও হাসপাতাল ডিরেক্টর প্রতি মাসে ২২ লাখ রুপি করে পাবেন। অর্থ ও নার্সিং ডিরেক্টরসহ সিনিয়র কনসালটেন্টদের জন্য মাসে ১৫ লাখ থেকে ২০ লাখ এবং অন্যান্য কনসালটেন্টদের জন্য ১২ লাখ থেকে ১৫ লাখ রুপি বেতন অফার করা হচ্ছে। এমনকি একজন জুনিয়র কনসালটেন্টের বাৎসরিক বেতন ধরা হয়েছে ৭১ লাখ রুপি। 

এই আকর্ষণীয় বেতনের বিপরীতে পাঞ্জাবের পুরনো সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা জনমনে চরম অসন্তোষের জন্ম দিয়েছে। যখন রাজ্যের সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ ও রোগ নির্ণয়ের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে একক একটি হাসপাতালের কর্মকর্তাদের জন্য এমন বিপুল অঙ্কের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

লাহোরের এই বিশেষায়িত ক্যানসার হাসপাতালের শূন্য পদগুলোতে যোগদানে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত পাঞ্জাব স্বাস্থ্য বিভাগে আবেদন জমা দিতে পারবেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .