Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানের পালটা বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:৫৫ এএম

ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানের পালটা বার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে তেহরানের ওপর আরোপ করা একাধিক নিষেধাজ্ঞার ফলাফল উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ১৪ বছর আগে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা বলা হয়েছিল। কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। আট বছর আগে তৎকালীন মার্কিন প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতিও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

আরাগচি আরও বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ফলে ট্রাম্পের সদ্য ঘোষিত ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ও ব্যর্থ হতে বাধ্য।

নিজের পোস্টের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি প্রকাশ করেন আরাগচি। ছবিতে ২০১২ সালের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে ‘নিষেধাজ্ঞার ইতিহাসে সবচেয়ে কঠোর’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

এর আগে বুধবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি এটিকে ‘যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের এ উদ্যোগ হবে ‘অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।

ইরানকে সহায়তা দেওয়া আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তেহরানের আর্থিক সহায়তার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মিত্রদেরও এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প তার এ অভিযানের নাম দিয়েছেন ‘ইকোনমিক ডি-ডে’।

সূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .