Logo
Logo
×
   

আন্তর্জাতিক

সহকর্মীর প্রেমে মজে চরম খেসারত দিলেন প্রভাবশালী আইনজীবী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

সহকর্মীর প্রেমে মজে চরম খেসারত দিলেন প্রভাবশালী আইনজীবী

সহকর্মী কেলসি বোরেঞ্জওয়েগের সঙ্গে প্রেমে মজে বিপাকে মার্কিন প্রভাবশালী আইনজীবী নাথানিয়েল ক্যালেরটন। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এক জুনিয়র নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নামকরা আইন সংস্থা ‘ওয়াচটেল লিপটন’র পার্টনার নাথানিয়েল ক্যালেরটনকে শেষ পর্যন্ত ফার্মটি থেকে বের করে দেওয়া হচ্ছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে ‘দ্য পোস্ট’ জানিয়েছে, ভাইরাল হওয়া এই চুমুর ঘটনার পর শুরুতেই আরেক প্রভাবশালী আইন সংস্থা ‘জিবসন ডান’-এ চড়া বেতনে যোগ দেওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া হয় ৪৫ বছর বয়সী ক্যালেরটনের। এরপর ২৯ বছর বয়সী জুনিয়র অ্যাসোসিয়েট কেলসি বোরেঞ্জওয়েগের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় ওয়াচটেল কর্তৃপক্ষ। তদন্ত চলাকালীন কয়েক সপ্তাহ ছুটিতে থাকার পর এখন তাকে ফার্মটি থেকে চূড়ান্ত বিদায় জানানোর প্রস্তুতি চলছে।

পরিস্থিতির সঙ্গে পরিচিত আরেকটি সূত্র জানিয়েছে, ক্যালেরটনকে ফার্ম থেকে আলাদা করার প্রক্রিয়া চলমান থাকলেও গত জুলাই থেকে তার চাকরির আনুষ্ঠানিক মর্যাদায় কোনো পরিবর্তন আসেনি। তাকে চাকরিচ্যুত করা হয়েছে কি না—এমন প্রশ্নে সূত্রটি দাবি করে, এখনই তাকে সরাসরি ‘বরখাস্ত’ বলাটা সঠিক হবে না।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, কৌশলগতভাবে ক্যালেরটন এখনো ওয়াচটেলের কর্মী হিসেবেই খাতাকলমে বহাল আছেন এবং ছুটিতে রয়েছেন। তবে ছুটির সময়ে তিনি বেতন পাচ্ছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবুও সংশ্লিষ্টরা বলছেন, ওয়াচটেলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ঘটনাটি ঠিক কবে নাগাদ দাপ্তরিকভাবে চূড়ান্ত হবে, তা স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে ওয়াচটেল, ক্যালেরটন, বোরেঞ্জওয়েগ কিংবা জিবসন ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রের খবর, শুধু প্রকাশ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করাই এর একমাত্র কারণ নয়। ক্যালেরটন ছিলেন ফার্মের লিটিগেশন বিভাগের একজন পার্টনার (শীর্ষ অংশীদার), অন্যদিকে বোরেঞ্জওয়েগ ছিলেন একই বিভাগের একজন জুনিয়র কর্মী। ফলে তাদের মধ্যে এক ধরনের পেশাগত পদক্রমিক কাঠামোর সম্পর্ক ছিল, যা নীতিগত প্রশ্ন তুলে দিয়েছে। তবে ওয়াচটেলে বোরেঞ্জওয়েগের চাকরির বর্তমান অবস্থা কী, তা এখনো পরিষ্কার নয়।

ক্যালেরটনের বিদায়ের এই গুঞ্জন ওয়াচটেলের শক্তিশালী লিটিগেশন বিভাগে ঘটে যাওয়া সাম্প্রতিক নাটকীয়তারই নতুন সংযোজন। এই বিভাগটি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের পক্ষে ইলোন মাস্কের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে বেশ আলোচনায় এসেছিল।

সেই সফল আইনি লড়াইয়ের নেতৃত্ব দেওয়া ৬৩ বছর বয়সী প্রভাবশালী আইনজীবী স্যাভিট গত মাসে ওয়াচটেল ছেড়ে জিবসন ডানের নিউ ইয়র্ক অফিসে যোগ দেন। তার সঙ্গে আরও পাঁচজন পার্টনার—সারা এডি, অনিতা রেড্ডি, রান্ডাল জ্যাকসন, রায়ান ম্যাকলিওড এবং ব্র্যাড উইলসন প্রতিষ্ঠানটি ছাড়েন।

সেন্ট্রাল পার্কের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার আগে ক্যালেরটনেরও এই দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার সেই সম্ভাবনা মাটি হয়ে যায়।

স্যাভিটের বিদায়ের পরপরই একই বিভাগের অন্য সদস্যদের ব্যক্তিগত সম্পর্কের নানা খবর প্রকাশ্যে আসতে শুরু করে। ‘দ্য পোস্ট’ জানায়, ওয়াচটেলে পার্টনার হিসেবে কাজ করার সময় স্যাভিট এবং সারা এডির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। স্ত্রীর কাছ থেকে স্যাভিট আলাদা হওয়ার পর এই সম্পর্কের সূচনা হয়। তবে সারা এডি অনেক আগেই তালাকপ্রাপ্ত ছিলেন এবং তিনি স্যাভিটের অধীনস্থ কর্মী ছিলেন না। তা ছাড়া ওয়াচটেলে সহকর্মীদের মধ্যে সম্মতিভিত্তিক সম্পর্কের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না।

অবশ্য গত মাসের শেষের দিকে জিবসন ডানে যোগ দেওয়ার সময়েই তাদের সেই সম্পর্কের ইতি ঘটে বলে জানা গেছে।

আইনি ক্ষেত্রের বিভিন্ন সূত্রের মতে, স্যাভিটকে বিশাল অঙ্কের চুক্তিতে দলে ভিড়িয়েছে জিবসন ডান। সেখানে তাকে ৩ বছরে ৯৬ মিলিয়ন ডলার (বছরে প্রায় ৩২ মিলিয়ন ডলার) দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে। যদিও স্যাভিটের ঘনিষ্ঠ একটি সূত্র এই অঙ্কের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম