ধ্বংসস্তূপের নিচে তিনদিন পর শোনা গেল শিশুর কান্নার শব্দ, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম
ভোতে কোশি নদীর পানি উপচে পড়ায় তিমুর গ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়ে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে ৬ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এই অভাবনীয় ঘটনা ঘটে, যা উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
ঘটনাটি ঘটেছে নেপালের রাসুয়া জেলার তিমুরে গ্রামে। ভোতে কোশি নদীর পানি উপচে পড়ায় সম্প্রতি গ্রামটি ভয়াবহ বন্যার কবলে পড়ে।
নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর সময় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। দ্রুত সেখানে খনন শুরু করেন তারা।
একপর্যায়ে ঘন কাদা ও ধ্বংসাবশেষের নিচে শিশুটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। নিরাপদে তাকে বের করে আনার পর তিমুরে এপিএফের সীমান্ত চৌকিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টার উড্ডয়ন বিলম্বিত হয়।
শনিবার আবহাওয়া কিছুটা পরিষ্কার হলে হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
Miraculous rescue in Nepal: Armed Police Force officers have rescued a 6-year-old girl alive in the Timure area of Rasuwa.
The rescue comes nearly 60 hours after devastating flash floods originating in Tibet swept through Rasuwagadhi and Timure on Wednesday!#NepalFloods #Nepal pic.twitter.com/mRcQ0Q7be5
শিশুটির নাম মানিশা মাগার বলে জানা গেছে। তার পরিবার বা স্বজনদের খুঁজছে কর্তৃপক্ষ। কেউ তাকে চিনলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীদের সাহস ও প্রচেষ্টার প্রশংসা করেন অনেকে।
একজন লিখেছেন, ‘যে এপিএফ দলটি খোঁজ চালানো বন্ধ করেনি, তাদের প্রতি শ্রদ্ধা।’
আরেকজন লিখেছেন, ‘সব আশা যখন শেষ হয়ে গিয়েছিল, তখনই তাকে খুঁজে পাওয়া গেল।’
প্রসঙ্গত, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি



