শাংহাই সম্মেলনের ছবিতে মোদিকে বাদ দিলেন শাহবাজ!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ছবিটি এমনভাবে ক্রপ করা হয়েছে, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতা বাদ পড়েছেন এবং শাহবাজ শরিফকে ছবির প্রায় কেন্দ্রে দেখা যাচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ এবং কিরগিজস্তানের কর্নেল উলারবেক জারলিকোভিচ শারশিভকে দেখা যায়।
ছবিটি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনের আগে তোলা হয়েছিল। ওই সময় সদস্য দেশগুলোর নেতারা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিষয়টি স্পষ্ট হয়।
মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ অবস্থানে ছিলেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে তাকে তুলনামূলকভাবে কেন্দ্রীয় অবস্থানে দেখাতে বাঁ দিকের পাঁচজন নেতাকে ক্রপ করে বাদ দেওয়া হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছবিটি সম্পাদনা করে শাহবাজ শরিফকে কেন্দ্রীয় অবস্থানে দেখানোর বিষয়টি নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়েছে।
২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ ও দুটি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাবের বিষয়েও বক্তব্য দেন তিনি।
মোদি এসসিওর তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—নিরাপত্তা, সংযোগ ও সুযোগ—নিয়ে আরও কার্যকর সহযোগিতার ওপর জোর দেন। শুধু পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে এসসিও প্রতিষ্ঠিত হয়। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে সংস্থাটির পূর্ণ সদস্য হয়। এরপর ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।

