বিশ্ববাজারে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় মূল্যবান ধাতুগুলোর দামে চাপ তৈরি হয়।
রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানায়, শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮৩ ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১০ দশমিক ৯৬ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৮৫ দশমিক ৫০ ডলারে নেমেছে। তিন ধাতুই চলতি সপ্তাহে দর হারানোর পথে রয়েছে।
যুক্তরাষ্ট্রে আগস্টে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা বেড়েছে। এর ফলে মার্কিন ট্রেজারি ইয়িল্ড ও ডলারের দামও বেড়েছে, যা সুদবিহীন মূল্যবান ধাতুগুলোর আকর্ষণ কমিয়েছে।
এদিকে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে নেমেছে। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে।
