জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এর আগে বহুবার সংবাদ সম্মেলনে এসেছেন তিনি। তবে এবারেরটা একটু আলাদা। জাতীয় দলের সংবাদ সম্মেলনে প্রথমবার দল ঘোষণা করতে এসেছিলেন জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ।
তবে সেটা স্মরণীয় হয়ে রইল আরও একটা কারণে। খেলোয়াড়, কোচেদের মাঝে এখন রাজনৈতিক আলাপ দেখাই যায় না। সেখানে তিনি পরে এলেন এমন একটা ক্যাপ, যেখানে ছিল স্পষ্ট একটা বার্তা। এরপর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসেছেন তিনি।
সাবেক লিভারপুল কোচ সংবাদ সম্মেলনে এসেছিলেন কালো একটা ক্যাপ পরে। সেখানে লেখা ছিল, আইনের ভন ৮৩ মিলিওনেস। যার মানে হচ্ছে, ৮ কোটি ৩০ লাখ মানুষের একজন।
তিনি জানান, জার্মানির ফুটবল দল দেশের মানুষকে বোঝাতে পারবে যে জাতীয় গর্ব যেন ভুল মানুষের হাতে না চলে যায়। সম্প্রতি অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থি দল এএফডি একটি রাজ্য নির্বাচনে বড় জয় পেয়েছে। সেই প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেন তিনি।
গত ৬ সেপ্টেম্বর পূর্ব জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে প্রায় চুয়াল্লিশ শতাংশ ভোট পায় এএফডি। এখানেই শেষ নয়। আগামী রোববার বার্লিন এবং মেকলেনবুর্গ-ভরপমার্ন রাজ্যের নির্বাচনেও তাদের ভালো ফল পাওয়ার আশা করা হচ্ছে।
গত জুলাই মাসে জার্মানির দায়িত্ব নেন ক্লপ। এর আগে টানা তৃতীয়বার বড় টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নেয় চারবারের বিশ্বকাপজয়ী দলটি। ঊনষাট বছর বয়সি এই কোচ লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড আর মাইনৎসের দায়িত্বে থাকার সময়ও সামাজিক নানা বিষয়ে কথা বলেছেন বারবার।
সরাসরি এএফডির নাম না নিয়েও তিনি যা বললেন, তা রীতিমতো বিস্ফোরক। ‘ভুল মানুষ’ বলে আখ্যা দেন সবশেষ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে জয় পাওয়া এএফডিকে। তিনি বলেন, ‘আমি চাই না জাতীয় গর্ব ভুল মানুষের হাতে চলে যাক। খুব বেশি দিন আগে না হলেও অনেক কিছু ঘটে গেছে। একটা ভোট হয়েছে, যা হয়তো কারও কারও কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু অন্যরা হয়তো ভেবেছেন, হায় ঈশ্বর, এখানে কী হচ্ছে’।
তিনি আরও বলেন, ‘একজন খেলাধুলার মানুষ হিসেবে আমি নিজের আর আমাদের সবার জন্য পতাকাটা আবার ফিরিয়ে নিতে চাই। যখন আমরা এই পতাকা নাড়াই, তখন কেউ যেন না ভাবে তোমার কী হয়েছে। বরং তারা যেন ভাবে, তুমি খুশি, আর তুমি বোঝো কতটা ভাগ্যবান যে এই সুন্দর দেশে জন্মেছ, অথবা এখানে এসে থাকছ।’
জাতীয় গর্ব প্রসঙ্গে ক্লপ বলেন, তিনি নিশ্চিত নন এই শব্দটা এখনো ভুল বোঝাবুঝি ছাড়া ব্যবহার করা যায় কিনা, বা করার অনুমতি আছে কিনা। তিনি বলেন, ‘আমি জার্মান হওয়ায় গর্বিত হতে পারি, আবার একই সঙ্গে খোলা মনের, বৈচিত্র্যময়, সদয় আর বন্ধুত্বপূর্ণও হতে পারি।’
