জাকাতের টাকায় কি গণইফতারের আয়োজন করা যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
জাকাতের টাকায় গণইফতারের আয়োজন করা যাবে? ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: জাকাতের টাকা দিয়ে গণইফতারের আয়োজন করলে জাকাত আদায় হবে কি?
উত্তর: ইসলামে জাকাত ব্যয়ের জন্য নির্দিষ্ট কিছু খাত নির্ধারিত রয়েছে। যে কোনো ভালো বা নেক কাজে অর্থ ব্যয় করলেই জাকাত আদায় হয়ে যায় না। যেমন—মসজিদ নির্মাণে খরচ করলে জাকাত আদায় হয় না। একইভাবে সমাজের ধনী-দরিদ্র সবার উপকারে আসে— এমন কোনো সাধারণ কল্যাণমূলক কাজে জাকাতের অর্থ ব্যয় করলেও তা জাকাত হিসেবে গণ্য হবে না।
জাকাতের খাতগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেন—
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
‘নিশ্চয়ই সদকা (জাকাত) হচ্ছে দরিদ্র, অভাবী, এতে নিয়োজিত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর নির্ধারিত বিধান; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা আত-তওবা: আয়াত ৬০)
গণইফতারের ক্ষেত্রে বিধান
সুতরাং জাকাতের অর্থ দিয়ে যদি এমন গণইফতারের আয়োজন করা হয় যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, তাহলে তা দ্বারা জাকাত আদায় হবে না।
তবে জাকাতের অর্থ দিয়ে শুধুমাত্র দরিদ্রদের জন্য ইফতারের ব্যবস্থা করা হলে, কিছু শর্তে তা জাকাত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। শর্ত হলো— ইফতারের খাদ্যসামগ্রী (যেমন প্যাকেট, ব্যাগ বা বক্স) দরিদ্র ব্যক্তিদের পূর্ণ মালিকানা দিয়ে দিতে হবে। তারা চাইলে সেখানেই খেতে পারবে, আবার চাইলে নিজের বাসা বা অন্য কোথাও নিয়ে যেতে পারবে।
অন্যদিকে, যদি এমন ব্যবস্থা করা হয় যে দরিদ্রদের শুধু নির্দিষ্ট স্থানে বসে খাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু খাবারের উপর তাদের মালিকানা দেওয়া হচ্ছে না—তাহলে এতে জাকাত আদায় হবে না।
কারণ, জাকাত আদায়ের মৌলিক শর্ত হলো— জাকাতের উপযুক্ত ব্যক্তিকে (দরিদ্র, অভাবী বা ঋণগ্রস্ত) সম্পদের পূর্ণ মালিক বানিয়ে দেওয়া।

