Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

সাত দিনের পরও কি আকিকা দেওয়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

সাত দিনের পরও কি আকিকা দেওয়া যাবে?

প্রশ্ন: আমাদের গ্রামের একজন বলেছেন, আকিকা সপ্তম দিনেই আদায় করতে হয়। এরপর করলে সেটা আকিকা হিসেবে আদায় হয় না; বরং সদকা হয়ে যাবে।

আমার জানার বিষয় হল, সপ্তম দিনেই কি আকিকা করা সুন্নত? যদি সাত দিনের মধ্যে আকিকা করতে না পারে তাহলে অন্য কোনো সময় আদায় করলে কি তা আদায় হবে? 

উত্তর: আকিকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিন। তবে সন্তান জন্মের সপ্তম দিনের পর আকিকা করলেও তা আকিকা হিসেবেই আদায় হয়; সাধারণ সদকা হিসেবে নয়। 

এক হাদিসে সপ্তম দিনের পরও আকিকা করার কথা উল্লেখ রয়েছে।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন– وَلْيَكُنْ ذَاكَ يَوْمَ السَّابِعِ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي أَرْبَعَةَ عَشَرَ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي إِحْدَى وَعِشْرِينَ.

আকিকা সপ্তম দিন করবে। সপ্তম দিনে করা না গেলে ১৪তম দিনে করবে। আর তাও না করা গেলে ২১তম দিনে করবে। (মুস্তাদরাকে হাকেম, বর্ণনা ৭৬৬৯)

ফকিহগণ বলেছেন, এভাবে পরবর্তীতে যে কোনো দিন আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে এবং সেক্ষেত্রে যথাসম্ভব সপ্তম দিনের খেয়াল করে যে বারে তার জন্ম এর আগের দিন করবে।

তবে আকিকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিনই। হাদিস শরীফে সাধারণত সেই দিন আকিকার কথাই বর্ণিত হয়েছে। তাই বিশেষ কোনো ওজর না থাকলে আকিকা সন্তান জন্মের সপ্তম দিনই করে ফেলা উচিত।

উল্লেখ্য, আকিকার জন্য যিয়াফত বা উৎসব করার কিছু নেই; বরং আকিকার নিয়তে পশু জবাই দিলেই তা আদায় হয়ে যাবে।

সূত্র: জামে তিরমিজি, হাদিস ১৫২২; আসসিরাজুল ওয়াহ্হাজ ১১/৫৩৫; ফয়জুল বারী ৪/৩৩৭; তুহফাতুল মাওদূদ, পৃ. ৬৪; ইলাউস সুনান ১৭/১১৮; রদ্দুল মুহতার ৬/৩৩৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম