Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিবদের ভূমিকা রাখার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিবদের ভূমিকা রাখার আহ্বান

সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া আলেমদের অন্যতম দায়িত্ব। এজন্য আলেম সমাজকে নিজেদের জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসে।

বৃহস্পতিবার ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিব ও ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা  বলেছেন।  

রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইমাম–খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা সমুন্নত রাখা এবং সামগ্রিকভাবে ইমাম ও খতীব সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আবু তাহের আল মাদানি।

সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মাওলানা মুফতি মুহিববুল্লাহিল বাকি নদভী।

বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি আরেফ বিল্লাহ কাসেমি, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আতাউর রহমান আরেফি, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা আতাউর রহমান আতিকী প্রমুখ।

এছাড়া সেমিনারে দেশের বরেণ্য ইমাম-খতিব ও আলেমরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, মসজিদের ইমাম-খতিব ও আলেমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল চালিকা শক্তি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিব ও আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মসজিদের মিম্বার ও মাদরাসার ক্লাস থেকে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দিতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .