Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

জনপ্রতিনিধিদের নিয়মিত যে দোয়াটি পড়া উচিত

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

জনপ্রতিনিধিদের নিয়মিত যে দোয়াটি পড়া উচিত

সংগৃহীত ছবি

জনপ্রতিনিধি হওয়া শুধু সম্মান, ক্ষমতা বা সামাজিক মর্যাদা পাওয়ার বিষয় নয়; এটি একই সঙ্গে মানুষের অধিকার রক্ষা ও দায়িত্ব পালনের একটি বড় আমানত। একজন জনপ্রতিনিধির নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত যেমন বহু মানুষের জীবনকে সহজ করতে পারে, তেমনি ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন অসংখ্য মানুষ।

তাই জনগণের প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তির জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার পাশাপাশি আল্লাহর সাহায্য, হেদায়াত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিকও প্রয়োজন। এ কারণে কুরআনে বর্ণিত হজরত ইউসুফ (আ.)-এর একটি দোয়া জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

ক্ষমতা ও কর্তৃত্ব পাওয়ার পরও হজরত ইউসুফ (আ.) নিজের সামর্থ্যের ওপর নির্ভর করেননি। বরং আল্লাহর প্রতি নিজের নির্ভরতা প্রকাশ করেছেন। জীবনের শেষদিকে তিনি দুনিয়ার ক্ষমতা বা মর্যাদা নয়, বরং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে দোয়া করেছেন।

দোয়াটি হলো—

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

উচ্চারণ : রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা’উইলিল আহাদিছি, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, আনতা ওয়ালিয়্যি ফিদ্দুনইয়া ওয়াল-আখিরাতি, তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহীন।

অর্থ : ‘হে আমার প্রতিপালক! আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যাসহ বিভিন্ন বিষয়ের তাৎপর্য শিক্ষা দিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা! আপনিই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।’ (সুরা : ইউসুফ, আয়াত : ১০১)

জনপ্রতিনিধিদের জন্য দোয়াটির তাৎপর্য

এই দোয়ায় দায়িত্বশীল ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে।

ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে

হজরত ইউসুফ (আ.) বলেছেন, ‘আপনি আমাকে রাজ্য দান করেছেন।’ এর মাধ্যমে বোঝা যায়, ক্ষমতা ও কর্তৃত্বকে নিজের ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো আল্লাহর দেওয়া আমানত। জনপ্রতিনিধিদেরও মনে রাখা উচিত, জনগণের দায়িত্ব পাওয়া মূলত একটি আমানত, যার জবাবদিহি একদিন আল্লাহর কাছে করতে হবে।

জ্ঞান ও প্রজ্ঞার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন

দোয়ায় হজরত ইউসুফ (আ.) আল্লাহর দেওয়া জ্ঞানের কথা উল্লেখ করেছেন। একজন জনপ্রতিনিধি যতই শিক্ষিত, অভিজ্ঞ কিংবা বিচক্ষণ হোন না কেন, প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর হেদায়াত ও তাওফিক প্রয়োজন।

আল্লাহই প্রকৃত অভিভাবক

দোয়ায় বলা হয়েছে, ‘আপনিই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক।’ একজন জনপ্রতিনিধি যদি এই বিশ্বাস অন্তরে ধারণ করেন, তাহলে মানুষের সঙ্গে অন্যায় বা জুলুম করতে তিনি সতর্ক থাকবেন। কারণ মানুষকে সাময়িকভাবে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না।

ক্ষমতার চূড়ান্ত লক্ষ্য আখিরাতের সফলতা

হজরত ইউসুফ (আ.) ক্ষমতা, মর্যাদা ও কর্তৃত্ব লাভ করার পরও দুনিয়াবি অর্জনকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে করেননি। বরং তার আকাঙ্ক্ষা ছিল আল্লাহর কাছে ভালো অবস্থায় ফিরে যাওয়া। তাই তিনি প্রার্থনা করেছেন, ‘আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।’

জনগণের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের জন্য এই দোয়ায় তাই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে—ক্ষমতা ও পদ সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতাই মানুষের চূড়ান্ত লক্ষ্য। জনপ্রতিনিধিরা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহর কাছে হেদায়াত, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং সৎভাবে দায়িত্ব পালনের তাওফিক প্রার্থনা করতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .