Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল

প্রতীকী ছবি

Advertisement

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল।

রোববার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এই দিন ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বিশ্বের অন্যতম আলোচিত এই সাইবার চুরির ঘটনায় বাংলাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি। একের পর এক তারিখ নির্ধারণ হলেও প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির তদন্ত নিয়ে প্রশ্নও উঠেছে।

এবারও প্রতিবেদন দিতে না পারায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করা হলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম