Logo
Logo
×
   

সাহিত্য

গান শুধু বিনোদনের নয়, মানবিক জাগরণেরও মাধ্যম: শহীদুল্লাহ ফরায়জী

Icon

‎সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

গান শুধু বিনোদনের নয়, মানবিক জাগরণেরও মাধ্যম: শহীদুল্লাহ ফরায়জী

‎‘গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানবিক জাগরণেরও শক্তি। আমি চাই, আমরা যেন প্রতিদিন মানুষ হয়ে উঠি।’ এমন প্রত্যয়ে নিজের শিল্পচিন্তা ও জীবনদর্শনের কথা তুলে ধরেছেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। তিনি বলেন, শিল্পীর প্রকৃত অর্জন পুরস্কারে নয়, মানুষের ভালোবাসা ও মানবিক সমাজ নির্মাণে অবদানের মধ্যেই নিহিত।

‎‎গীতিকবি সংঘের নিয়মিত ‘গীতিকবির সঙ্গে আড্ডা’ আয়োজনের দ্বিতীয় পর্বে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে শহীদুল্লাহ ফরায়জী ও গীতিকবি তরুণ মুন্সী নিজেদের গীতিকার জীবনের পথচলা, আদর্শ ও সৃষ্টিচিন্তা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক নীহার আহমেদ এবং তরুণ মুন্সীর পর্বে সাকী আহমেদ।

‎আড্ডার প্রথম পর্বে শহীদুল্লাহ ফরায়জী জানান, তিনি জীবনের গন্তব্য হিসেবে শুধু গান নিয়েই ভাবেননি; বরং গানকে আত্মজাগরণ ও সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। সময়ের দায়বদ্ধতা পূরণ না করলে প্রকৃত শিল্পী হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

‎গীতিকার হওয়ার স্বপ্ন, রেডিও ও টেলিভিশনে গান পাঠানোর দীর্ঘ অপেক্ষা, পরে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়ার অভিজ্ঞতা এবং জীবনের নানা স্মৃতিচারণ করেন তিনি। জানান, ১৯৮৯ সালে বেতারে প্রথম গান রেকর্ড হওয়ার দিনই তার মা মারা যান, যা আজও তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি। পরে বিটিভিতে নিজের গান প্রচারিত হওয়ার দিনটির কথাও আবেগ নিয়ে স্মরণ করেন তিনি।

‎‎শহীদুল্লাহ ফরায়জী বলেন, তার গানে নৈতিকতা, স্রষ্টার প্রতি বিশ্বাস ও মানবিকতার চর্চাই প্রধান হয়ে উঠেছে। জনপ্রিয়তার চেয়ে মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে তিনি রাজনীতিতেও যুক্ত হন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে নিজের দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, সমাজ লাভবান হয়েছে কিনা, সেটিই শিল্পীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‎নিজের জনপ্রিয় গান ‘চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান’ প্রসঙ্গে তিনি বলেন, গানটি শুনে প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী মন্তব্য করেছিলেন, ‘বাঙালির পক্ষেই এমন দুঃখের গান লেখা সম্ভব।’

‎অনুষ্ঠানে সংগীত পরিচালক মানাম আহমেদ বলেন, শহীদুল্লাহ ফরায়জী লোকগানের উপাদান অত্যন্ত নান্দনিকভাবে গানে তুলে ধরেন। গীতিকার লিটন অধিকারী রিন্টু বলেন, তিনি প্রতিদানের প্রত্যাশা না করে নিঃস্বার্থভাবে গান লিখে চলেছেন, যা এ সময়ের শিল্পচর্চায় বিরল।

‎‎এ সময় শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে আরও বক্তব্য দেন তার প্রথম অ্যালবামের শিল্পী মোখলেসুর রহমান নীলু, সংগীত পরিচালক মানাম আহমেদ, গায়ক রবি চৌধুরী ও গীতিকার লিটন অধিকারী রিন্টুসহ অন্যরা। অনুষ্ঠানে রবি চৌধুরী ও মোখলেসুর রহমান নীলু খালি গলায় শহীদুল্লাহ ফরায়জীর লেখা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে শহীদুল্লাহ ফরায়জী তার একমাত্র কবিতার বই ‘ঐশ্বরিক ঐক্য’ -এর প্রকাশক জাকির হোসাইন বলেন, আমার বাবা-মা নেই। এখন আমার বলার মতো কথা থাকলে শহীদুল্লাহ ফরায়জীর সঙ্গে কথা বলি। তিনি আমার কাছে এতটাই নির্ভরযোগ্য মানুষ। 

‎‎দ্বিতীয় পর্বে গীতিকার তরুণ মুন্সী তার গীতিকার জীবনের পথচলা, সৃষ্টিদর্শন ও সমকালীন গানের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

‎‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার বলেন, শিল্পের মূল্যায়ন নির্মোহভাবে হওয়া উচিত। শিল্পচর্চায় বয়স বা লিঙ্গ নয়, শিল্পমানই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .