Logo
Logo
×
   

জাতীয়

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০১:১২ এএম

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে বৃহস্পতিবার যুগান্তর ডিজিটাল আয়োজিত শীত উৎসবে বক্তৃতা করছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আব্দুল ওয়াদুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর।

জমকালো আয়োজনে শীত উৎসব উদযাপন করল যুগান্তর ডিজিটাল পরিবার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আব্দুল ওয়াদুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর। 

এদিন শীত উৎসব উপলক্ষ্যে যুগান্তর ডিজিটাল কর্মীদের জন্য বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ও হাঁড়ি ভাঙা।

প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম বলেন, আজ এই শীত উৎসবে আমি খুব খুশি। কারণ র‌্যাংকিংয়ে যুগান্তর মাল্টিমিডিয়া প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়া ওয়েবসাইট ও নিউজ পোর্টালের র‌্যাংকিং নির্ধারণকারী বৈশ্বিক জরিপকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিমিলার ওয়েবের তথ্যমতে, যুগান্তর অনলাইন দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে। আশা করি, সামনে এটি সমান সমান হয়ে যাবে। আপনাদের টিমের কাজ শুধু এখানেই থেমে থাকবে না, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। 

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, আজকের এদিনে যুগান্তরের স্বপ্নদষ্টার কথা অনেক মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এ অর্জনে সবচেয়ে বেশি তিনিই আনন্দিত হতেন। আপনারা সবসময় এক থাকবেন, আমাদের সঙ্গে একই পরিবারের মতো থাকবেন। 

সালমা ইসলাম আরও বলেন, আমাদের প্রয়াত চেয়ারম্যান সাহেব নিরীহ, নির্যাতিত মানুষের কথা তুলে ধরতেই যুগান্তর শুরু করেছিলেন, আপনারা তার দিকনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাবেন।

 যুগান্তর ডিজিটাল কর্মীদের উদ্দেশে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম বলেন, আমাদের স্বপ্ন ছিল আমরা এক নাম্বারে যাব। খুব অল্প সময়ে আপনারা (যুগান্তর মাল্টিমিডিয়া) সেটা করে দেখিয়েছেন, এজন্য আপনাদের অভিনন্দন। সফলতার এ ধারা যেন অব্যাহত থাকে। সবসময় আপনাদের পাশে আমাদের পাবেন। যে কোনো সমস্যায় সহযোগিতা ও পরামর্শ পাবেন। সবসময় আমরা আপনাদের পাশে আছি। আপনারা আরও ভালো করবেন। আপনাদের প্রতি আমাদের দোয়া রইল।

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আবদুল ওয়াদুদ বলেন, আজকের এ খুশির দিনে আমাদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা খুব মনে পড়ছে। তিনি সবসময় বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছেন। আজকে যুগান্তর যে নিরপেক্ষ সাংবাদিকতা করে যাচ্ছে-এটি তারই একটি প্রতিফলন। যুগান্তর অনলাইন ও মাল্টিমিডিয়া যে র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে-এটি তাকে খুব আনন্দিত করত। 

অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একসময় ছিল মানুষ বাটন ফোন ব্যবহার করতেন, এখন অধিকাংশ মানুষ আধুনিক (স্মার্ট) ফোন ব্যবহার করেন। সামনের দিনে অনলাইন ও মাল্টিমিডিয়াই হবে মিডিয়ার মূল মাধ্যম, সে বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা যুগান্তরকে এগিয়ে নিয়ে যাবেন।

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, পরিবারের একটি ছেলে যখন ভালো রেজাল্ট করে, তখন সেই আনন্দ পরিবারের সবাই ভাগ করে নেয়। আজ আমরা মাল্টিমিডিয়ার এই সাফল্য ভাগাভাগি করে নিলাম, আমরা অনলাইনের সাফল্য সবাই ভাগাভাগি করে নিলাম। এভাবে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলব। 

তিনি বলেন, গণমাধ্যম হলো টিম-ওয়ার্ক। এজন্য আমাদের পরস্পরের প্রতি সমঝোতা, সমন্বয়, সম্প্রীতি ও ভালোবাসাটা খুব জরুরি। আজকের এই শীতের সন্ধ্যায় সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি। 

যুগ্মসম্পাদক বিএম জাহাঙ্গীর বলেন, যে সংবাদের প্রতি আস্থা নেই, সেই সংবাদ মানুষ দেখে না। তবে যুগান্তরের খবরের প্রতি মানুষের আস্থা আছে। এজন্য মানুষ যুগান্তর পড়ে। যুগান্তর সবসময় সাহসী সংবাদ প্রকাশ করে। এই সাহস যিনি জুগিয়েছিলেন, তিনি আর আমাদের মাঝে নেই। তিনি হলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তার সাহস আমাদের পাথেয়। তার সাহস আমাদের মূল ভিত্তি। তার সাহসের ওপর ভিত্তি করে আজ তার সন্তানরা যমুনা গ্রুপ পরিচালনা করছেন। 

তিনি বলেন, আজ আমরা যমুনা গ্রুপ নিয়ে সবসময় গর্ববোধ করি। কারণ যমুনা গ্রুপ ঋণখেলাপি নয়। বিদেশে একটি টাকাও পাচার করেনি। 

যুগান্তর ডিজিটাল কর্মীদের উদ্দেশে বিএম জাহাঙ্গীর বলেন, আপনারা এই প্লাটফর্মকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, সময় দেন, অতিরিক্ত কাজ করেন। আপনাদের কাজের কারণেই অনলাইন ও মাল্টিমিডিয়া দিন দিন এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্মবার্তা সম্পাদক (অনলাইন ইনচার্জ) আতাউর রহমান, ডেপুটি নিউজ এডিটর (শিফট ইনচার্জ) জাহিদ আনোয়ার। 

হেড অব অ্যাডমিন মোরশেদ আলম, হেড অব অ্যাকাউন্টস সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (বিজ্ঞাপন) হুমায়ুন কবির, ওয়েব ডেভেলপমেন্ট টিমের ম্যানেজার মিরাজ বাপ্পী, হেড অব ডিজিটাল মার্কেটিং রবিউল ইসলাম রানা প্রমুখ।    

শীত উৎসবের অনুষ্ঠান সঞ্চালনা করেন মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। অনুষ্ঠান শেষে বিশেষ ভোজ পরিবেশন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম