Logo
Logo
×
   

জাতীয়

নিজেকে ৭০–৮০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

নিজেকে ৭০–৮০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব পালনে দেড় বছরের অভিজ্ঞতায় নিজের কাজের মূল্যায়ন করেছেন সালেহউদ্দিন আহমেদ। নিজেকে তিনি ১০০ নম্বরের মধ্যে ৭০ বা ৮০ দিয়েছেন। বলেছেন, অনেক উদ্যোগ শুরু করা হলেও শেষ করা সম্ভব হয়নি। তবে কোনো রাজনৈতিক এজেন্ডা ছাড়াই জনগণের স্বার্থে কাজ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি বাস্তববাদী মানুষ। নিজেকে ১০০ নম্বর কেন দেব? আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক কাজ শুরু করেছি, কিন্তু সব শেষ করতে পারিনি। তাই ৭০ বা ৮০–এর বেশি দিতে রাজি নই।’

তিনি জানান, অন্তর্বর্তী সময়ে অর্থনীতি সামাল দেওয়া সহজ ছিল না। কাঠামোগত দুর্বলতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের অনিয়মের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লেগেছে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, সমালোচনা করবেন, কিন্তু পুরো চিত্রটা দেখবেন। ১৭-১৮ মাসে কিছুই করা হয়নি, এমন বলা ঠিক নয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে কার্যকর করতে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হলেও নীতিগত সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। তবে কর নীতিমালার একটি নির্দেশিকা রেখে যাচ্ছি, যা পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক অর্ডারে গভর্নরের মর্যাদা বাড়ালেই প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হয় না। পরিচালনা সক্ষমতা ও দায়িত্বশীলতা জরুরি। চার বছর গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বড় কোনো সরকারি হস্তক্ষেপের মুখে পড়েননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম