Logo
Logo
×
   

জাতীয়

কেন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেননি টুকু?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

কেন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেননি টুকু?

কারাবন্দি ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ফাইল ছবি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেননি কারাবন্দি ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শপথ পাঠ করানোর জন্য সংসদ সচিবালয় থেকে চিঠি দেওয়া হলেও প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় তিনি শপথ পড়াতে পারেননি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

টুকুকে মুক্তি দিলে ‘আইনশৃঙ্খলার অবনতি হতে পারে’ এ কারণ দেখিয়ে তাকে প্যারোল দেওয়া হয়নি বলে জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন।

তার ভাষ্য, সরকার ব্যবস্থা করলে দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার টুকু ত্রয়োদশ সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে রাজি ছিলেন।

সংবদামাধ্যমকে তিনি বলেন, ‘তার শপথ নেওয়ার ব্যাপারে আমাদের কাছে চিঠি এসেছিল। চিঠি তিনি (টুকু) গ্রহণ করে বলেছেন সরকার ব্যাবস্থা করলে তিনি রাজি আছেন। কিন্তু প্যারোলে মুক্তি না হওয়ায় তিনি কারাগার থেকে বের হতে পারেননি।’


কী কারণে তার প্যারোল হলো না—  প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘এখন প্যারোলে মুক্তি হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে- এমন কথা আমাদের জানানো হয়েছে।’

কারা অধিদপ্তরের আরেক কর্মকর্তা বলেন, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে সংসদ সচিবালয়ের চিঠি আসে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪ আগস্ট রাতে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।

সরকার পতনের পর দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। সেই থেকে তিনিও প্রকাশ্যে নেই। যে কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন সে জটিলতা তৈরি হয়।

পরে মঙ্গলবার তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম