রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
|
ফলো করুন |
|
|---|---|
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, কোথাও কোনো ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। রাজধানীর গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে।
এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংমুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সঙ্গে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি জাফর আহমেদসহ কর্মকর্তারা।
