Logo
Logo
×
   

জাতীয়

ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:১১ পিএম

ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ফাইল ছবি

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়েছে। আগামী ২৮ জুন শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল এ শুনানির তারিখ ধার্য ছিল। সেদিন তা পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছিল ৬ মে। আজ আবার শুনানির তারিখ পেছানো হলো। 

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। অন্যদিকে সরদার মোশাররফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।

মামলায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আমলে নেন আদালত। সেদিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম