Logo
Logo
×
   

জাতীয়

শিশু নির্যাতন বন্ধে বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদ খেলাঘরের

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

শিশু নির্যাতন বন্ধে বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদ খেলাঘরের

জাতীয় প্রেসক্লাবের সামনে রামিসা আক্তার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় খেলাঘর আসর।

বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। তাই দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদ দিয়েছেন শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের সর্ববৃহৎ এই সংগঠনটি। 

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে পল্লবীর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। 

দেশে একমুখী বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর তাগিদ দিয়ে খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, আমরা শিক্ষায় অন্ধকারের দিকে ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি। 

তিনি বলেন, কন্যা শিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদ্রাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এমন পাশবিকতা মেনে নেয়া যায় না। সব মিলিয়ে সমাজে অত্যাচারের মুখে আমাদের শিশুরা। তাদের সুরক্ষায় রাষ্ট্রের এগিয়ে আশার পাশাপাশি সমাজে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। 

মানবিক সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব দিয়ে খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব। 

তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন, বই পড়া, বিতর্ক, সাহিত্য চর্চার কোন বিকল্প নেই, এসব কিছুর মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব। রাস্তার শিশু আর অট্টালিকার শিশুর মধ্যে কোন পার্থক্য নেই, এমন চিন্তা রাষ্ট্রকে করতে হবে। 

মানবিক সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সামনের পথ আরও কঠিন একথা উল্লেখ করে প্রণয় সাহা বলেন, মানবিক মূল্যবোধ সৃষ্টি না হলে সংকট আরও বাড়বে। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অমল নাগ, অধ্যক্ষ শরীফ আহমেদ, আলতাব হোসেন, সুনীল সরকার, গোবিন্দ বাগচি প্রমুখ। 

এরপর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম