অভিবাসন, দক্ষ জনশক্তি ও বিনিয়োগে সহযোগিতায় গুরুত্ব
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৩৬ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। বৈঠকে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়।
ইইউ প্রতিনিধি দল ইউরোপের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয় তারা।
মাহদী আমিন আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান সরকারি উদ্যোগ তুলে ধরেন। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, সরকার নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে বলেও জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়।
ইইউ প্রতিনিধি দলে ছিলেন হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল।
এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ
একই দিন শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিষয়ে মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
সাক্ষাতে বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিনিধি দল কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
এসিইউ প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক কলিন রিওর্ডান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সম্পৃক্ততা বিভাগের প্রধান ইকিতা পোখরনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট ফারহান হক এবং ডেপুটি ডিরেক্টর (গভর্নমেন্ট লিয়াজোঁ) মো. মশিয়ার রহমান।
