সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার কাজ করছে। অতিদ্রুতই দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি কর্মী অবৈধ হয়ে গেছেন বা নানা সমস্যা আছেন, তাদের বৈধ করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুষ্টিয়া-১ আসনের বিএনপি সংসদ-সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ পৃথিবীর যে কোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থবছরে (২০২৪-২৫) ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
মন্ত্রীর তথ্যানুযায়ী সব চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।
খাদ্য মজুত ২০ লাখ ৭৩ হাজার টন: কক্সবাজার-৩ আসনের লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ টন।
ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে চালের উৎপাদন হয়েছে ৪ কোটি ৬ লাখ টন এবং গমের উৎপাদন হয়েছে ১০ লাখ ৪১ হাজার টন। যেখানে চালের চাহিদা ৪ কোটি ১১ লাখ টন ও গমের চাহিদ ৭৪ লাখ টন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারিভাবে ৫ লাখ ৩৪ হাজার টন চাল ও ৭ লাখ ৩৫ হাজার টন গম আমদানি হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ৭ লাখ ৩৫ হাজার টন চাল ও ৬৫ লাখ ৮২ হাজার টন গম আমদানি হয়েছে।
