Logo
Logo
×
   

জাতীয়

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: যুগান্তর

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেন। 

সোমবার (৬ জুলাই)  বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী ইমাদ এ হামদানের যৌথ আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে সংস্কৃতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপ প্রতিষ্ঠার এক শক্তিশালী মাধ্যম। 

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং তার দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। 

সংস্কৃতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও বৈধ অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন সবসময়ই অবিচল রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 

ফিলিস্তিনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়, যৌথ প্রদর্শনী, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন। 

পরিশেষে, সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে তার সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনা করেন। 

জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান বাংলাদেশ সরকার ও এ দেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম