Logo
Logo
×
   

জাতীয়

স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ে ‘পঞ্চগড় গেইট’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কার্যক্রম শেষে তিনি এ কথা জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বাঁচাও বাহে তিস্তা বাঁচাই- এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সময় ওই তিস্তা পাড়ে লাখ লাখ মানুষ সমবেত হয়ে সেই আন্দোলনে শরিক হয়েছিল। 

তিনি বলেন, আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি লন্ডন থেকেও কিন্তু সেই সময়ে ভিডিওতে সম্পৃক্ত হয়ে সেই আন্দোলনে শরিক হয়েছেন। তখন কিন্তু এই যে, যে যত কথা বলছেন তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না। এই তিস্তাতে তাদের কোনো স্বপ্নও ছিল না, কোনো কথাও ছিল না। 

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান নির্বাচনি ইসতেহারে ঘোষণা করলেন যে, আমরা সরকার গঠন করলে ইসলাম মহব্বত বাস্তবায়ন করব। ইতোমধ্যে আমাদের পানিসম্পদ মন্ত্রীসহ আমরা বিশেষজ্ঞ টিম যখন দফায় দফায় সেই তিস্তা এলাকায় পরিদর্শন করছি, সেখানে আমরা টেকনিক্যাল কমিটি গঠন করেছি এবং প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই; সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে এটার একটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। তারা এখন এই কথাগুলো বলছেন, যেগুলো বিগত দিনে তাদের মুখে আমরা কখনোই কোনোদিন শুনি নাই। কাজেই, এইগুলো হচ্ছে স্ট্যান্টবাজি। আমি একটি কথা বলতে চাই এই স্ট্যান্টবাজির রাজনীতি আর বাংলাদেশে চলবে না। কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে।  

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এইবার বাজেট হয়েছে। বাজেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে, গ্রাম-গঞ্জে কেরোসিন তেলের দাম, সোয়াবিন তেলের দাম, তেলের দাম, লবণের দাম, নিত্য প্রয়োজনীয় অনেকগুলো জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এবার আমাদের বাজেট ঘোষণার পরে ৬১টি নিত্য প্রয়োজনীয় দব্যমূল্যের দাম কমানো হয়েছে। গ্রামের কোনো মানুষ বলতে পারবে না এইবার বাজেট ঘোষণার পরে কোনো জিনিসপত্রের দাম বেড়েছে। নদী নিয়ে, ব্যারেজ নিয়ে কাজ করে থাকেন বিশ্বে- বিশেষ করে চায়না, নেদারল্যান্ডসহ এসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং সকলের পরামর্শ নিয়ে ইনশআল্লাহ আমরা অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব এবং আমরা এটা বাস্তবায়ন করব। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম