Logo
Logo
×
   

জাতীয়

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ

সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: যুগান্তর

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলের শিক্ষাখাতের বিদ্যমান সব সমস্যা সমাধানের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, হাওরাঞ্চলের শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার নিরিখে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা—সে বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান ‘স্কুল ফিডিং’ প্রকল্পের ওপর তদারকি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, খাবারের গুণগত মান পরীক্ষা এবং তা সরবরাহের ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করা হয়েছে। ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং হাওরাঞ্চলের চলমান নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম