Logo
Logo
×
   

জাতীয়

পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জিয়াউল হক

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে (৬৫১৭) পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এদিকে ২ আগস্ট জিয়াউল হককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সেই অফিস আদেশে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত সপ্তাহজুড়ে পদটি খালি ছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ার‌ম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন। অতিরিক্ত সচিব রেজানুর রহমান ৫ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও যোগদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম