যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের বক্তব্য
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে শুক্রবার (৭ আগস্ট) ‘বর্তমান আইজিপির বিরুদ্ধে পুলিশের ভেতরে একটি গ্রুপ সক্রিয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, চেইন অব কমান্ড, বদলি-পদায়ন ইত্যাদি সম্পর্কে বাস্তবতা বিবর্জিত, ধারণাভিত্তিক, মনগড়া বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের বক্তব্য
বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। পুলিশ সদস্যরা যথাযথ চেইন অব কমান্ড অনুসরণ করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা বিধানে নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রতিবেদনে পুলিশের অভ্যন্তরে চেইন অব কমান্ড ভেঙে পড়া, ব্যাপক অসন্তোষ এবং বদলি-পদায়নকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কার্যক্রমের যে কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে, তা বাংলাদেশ পুলিশের বর্তমান বাস্তবতার সাথে কোনভাবেই সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ পুলিশে নিয়োগ, পদোন্নতি ও বদলি মেধা, দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী যথাযথ নিয়মে সরকারি বিধি-বিধানের আলোকে নিরপেক্ষভাবে স্বচ্ছতার ভিত্তিতে হয়ে থাকে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অনিয়ম, অসদাচরণ বা অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে যথাযথ আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশের দাবি প্রতিবেদনটিতে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপির (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
বাংলাদেশ পুলিশ যখন জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের জানমাল রক্ষায় দৃঢ় মনোবল, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে; তখন এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ কোনভাবেই কাম্য নয়।
বাংলাদেশ পুলিশ গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। একই সঙ্গে পুলিশের মতো একটি রাষ্ট্রীয় সুশৃঙ্খল বাহিনী সম্পর্কে প্রতিবেদন/সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্টদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিচ্ছিন্ন কোনো ঘটনা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসমর্থিত কোনো অডিও কিংবা কোনো ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে সমগ্র পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নেতৃত্ব সম্পর্কে সাধারণীকরণ করা সমীচীন নয়। এক্ষেত্রে দৈনিক যুগান্তর এর মতো পাঠক প্রিয় পত্রিকা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটিতে কাল্পনিক বা মনগড়া কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। বিশ্বস্থ ও সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য উপস্থাপন করা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) প্রতিবেদকের কাছে যে বক্তব্য দিয়েছেন সেটি যথাযথভাবেই উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবেদক মনে করে।
