আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন। ইচ্ছার ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। একদল চাইবে ভালো করতে অন্যদল চাইবে তার থেকেও বেশি ভালো করতে কিন্তু বিভাজন অনৈক্য সংঘাত থাকবে না। যেটা ছিল ফ্যাসিবাদের আমলে, যার কারণে তাদের আজ দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।
সোমবার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে মন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন প্রমুখ।
রূপসা-বাগেরহাট পুরাতন রেললাইন চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আঞ্চলিকতার উন্নয়নে বিশ্বাস করি না, উন্নয়ন হতে হবে দেশের উন্নয়নে, সামগ্রিক কল্যাণের দিক বিবেচনা করে। গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে মোংলার নতুন রেলপথের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করা যায় সেটি বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি সংবাদকর্মীদের দেশ ও জাতির কল্যাণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বাগেরহাট প্রেস ক্লাবে প্রথম আগমন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটের সন্তান শেখ রবিউল ইসলামকে বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মান সূচক ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়া হয়।
এর আগে দুপুরে বাগেরহাট শহরের দশানী-রামপাল সড়কের ১০ কিলোমিটার জেলা মহাসড়কের উদ্বোধন করেন। এছাড়া বাগেরহাট সরকারি পিসি কলেজে মতবিনিময়, গাছের চারা রোপন ও জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করেন।
