Logo
Logo
×
   

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রত্যক্ষ নির্বাচনে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের ইতিহাসে এবারই প্রথম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করল সংসদ। নির্বাচনে তিনি মোট ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

সংসদে দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষ হওয়ার পর বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .