খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শ্রমিক লীগ নেতার পাঁচ দিনের রিমান্ড
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার তেজগাঁও থানা শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
কাশেমকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার সময় কারওয়ান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৩ জনকে আসামি করা হয়েছে।

