Logo
Logo
×
   

জাতীয়

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশন চলাকালে জাতীয় সংসদের আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার ডিএমপি কমিশনার মোসলে‍হ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও এর আওতায় থাকবে।

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকায়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া উল্লিখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম