Logo
Logo
×
   

জাতীয়

মুক্তিযুদ্ধমন্ত্রী

বিদ্যুৎ গ্যাসসহ যে সংকট রয়েছে, তা ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করেছে

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

বিদ্যুৎ গ্যাসসহ যে সংকট রয়েছে, তা ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করেছে

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে বর্তমানে গ্যাস, বিদ্যুৎসহ যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়। ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোরণের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছে। ইনশাআল্লাহ অতিদ্রুত এই সংকট আমরা উত্তোরণ করব।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত ১৮ বছরে আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি যে একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনার রেজিম সেই কাজটি করেছে। কারণ এই দেশটা যখন মেধার ভিত্তিতে হবে, তখন তারা গণতন্ত্রের কথা বলবে। তখন তারা অর্থনীতির কথা বলবে। তখন তারা বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে। যখন দেশটা মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান নিচে নেমে যাবে। দেশ নেশায় ভরে যাবে। দেশে দুর্নীতির আকণ্ঠ  নেমে যাবে। তখন এই দেশটাকে শোষণ ও লুটপাট করা সহজ হবে–আর সেই কাজটি হাসিনার রেজিম ১৮ বছর করেছে।

তিনি বলেন, আজকে আমাদের শিক্ষার মান উন্নয়নের কথা বলছি। শুধু শিক্ষার মান উন্নয়ন নয়, আজকে অর্থনীতি তলানিতে। এই যে আমরা দেখি বিদ্যুতের ও গ্যাসের সমস্যা কেন? বাংলাদেশ তো একসময় গ্যাসের উপর ভাসত। বিদ্যুতের তো সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে কেন আজকে সমস্যা? এই হাসিনার রেজিম, ফ্যাসিবাদী রেজিম এগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুতের নামে লুটপাট করেছে। গ্যাস উত্তোলন না করে শুধু ইনপুট করেছে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বেপজা সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করছি দ্রুত।

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম