Logo
Logo
×
   

জাতীয়

যে আইডিয়া থেকে ‘চাঁন্দাবিডি ডটকম’, এটি ঘিরে কেন এতো আলোচনা?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

যে আইডিয়া থেকে ‘চাঁন্দাবিডি ডটকম’, এটি ঘিরে কেন এতো আলোচনা?

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুসের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম-পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ থাকবে।

তবে উদ্যোক্তারা স্পষ্ট করে জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি। এর মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া যাবে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনা হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না।

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম