|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের দক্ষিণ সুরমায় একটি মিনি স্টেডিয়ামের পরিবর্তে প্রায় ৫ থেকে ৬ একর জায়গা নিয়ে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শনিবার দক্ষিণ সুরমার তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, দেশের ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম চালু রয়েছে, তবে দক্ষিণ সুরমায় দর্শকদের সুগম যাতায়াত এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে খাস জমি নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং স্থান যাচাই-বাছাই শেষে দ্রুত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রণয়ন করা হবে।
পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
