ফুলগাজীর ২৭০ ইমাম-মুয়াজ্জিন-খাদেম ও ১০ পুরোহিতকে সম্মানী দেবেন প্রধানমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৭ সেপ্টেম্বর তাদের এ সম্মানী দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত সেলের অষ্টম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে ভাতা দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দ্রুত ও স্বচ্ছভাবে সম্মানী ভাতা পৌঁছে দিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে সম্মানী ভাতা দেওয়া হবে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও ইনপুটের কাজ শেষ হওয়ার পর আগামী মাসের প্রথমার্ধে সম্মানীভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথমার্ধের সম্মানি ভাতা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক) বিজন কান্তি সরকার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

