মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ঢাকার ডিসির
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি বলেন, ‘মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে কেবল নিজের ভবিষ্যৎ গড়লেই চলবে না, মেধা দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার কারিগর।’
রোববার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও আওতাধীন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, ‘জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের শেষ গন্তব্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তোমাদের লক্ষ্য হতে হবে আরও বড়।’
আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, ড. আতাউল করিম, ড. জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ দেন।
তিনি বলেন, বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। শিক্ষার্থীদের নিজেদের সাফল্যের পাশাপাশি দেশের জন্যও নতুন সাফল্যের গল্প লিখতে হবে।
জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদের নয়, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডকেও চিনবে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ নিয়ে বিশ্বজুড়ে পরিচিত হবে এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ‘তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি তৈরি করবে। বিদেশি ব্র্যান্ড ব্যবহারের পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকেও বিশ্বদরবারে পরিচিত করে তুলবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহান এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
