Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডিপিডিসিতে আউটসোর্সিং নিয়োগ বন্ধসহ ডিপ্লোমা প্রকৌশলীদের ৬ দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

ডিপিডিসিতে আউটসোর্সিং নিয়োগ বন্ধসহ ডিপ্লোমা প্রকৌশলীদের ৬ দাবি

Advertisement

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, গত এক দশকে ডিপিডিসির গ্রিড, বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এবং গ্রাহকসেবার পরিধি অনেক বাড়লেও ২০১৩ সালের পুরনো অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো সংশোধন করা হয়নি। ফলে বর্ধিত কাজের চাপের কারণে প্রতিষ্ঠানে স্থায়ী জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। সম্প্রতি সিএসএস, ডিএসএস বা আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪০ জন ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে স্থায়ী সংকটের কোনো টেকসই সমাধান বলে মনে করছে না সংগঠনটি।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ছয় দফা দাবির মূল বিষয়গুলো হলো—

  • আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের বর্তমান উদ্যোগ বাতিল করা।
  • পূর্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত বর্ধিত অর্গানোগ্রাম অনুমোদন করা।
  • অনুমোদিত কাঠামোর অধীনে সব শূন্য পদে অবিলম্বে নিয়মিত ও স্থায়ী নিয়োগ দেওয়া।
  • ‘ফিডার অ্যাসিস্ট্যান্ট’ নামের আউটসোর্সিংভিত্তিক বিকল্প পদ সৃষ্টির প্রক্রিয়া থেকে সরে আসা।
  • একটি স্থায়ী, দক্ষ ও পেশাদার জনবল কাঠামো গড়ে তোলা।
  • ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার, ন্যায্য কর্মসংস্থান ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন সব হঠকারী সিদ্ধান্ত বর্জন করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ একটি অত্যন্ত সংবেদনশীল ও কারিগরি সেবা খাত। তাই এর নিরাপত্তা, গোপনীয়তা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো অস্থায়ী বা আউটসোর্সিং জনবল নয়, বরং স্থায়ী ও দক্ষ জনবল কাঠামো অপরিহার্য। আউটসোর্সিংয়ের পথ পরিহার করে নিয়মিত নিয়োগের ব্যবস্থা করলে একদিকে যেমন ডিপিডিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে, অন্যদিকে তেমনি হাজারো যোগ্য ডিপ্লোমা প্রকৌশলীর কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম