আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার জন্য বড় অর্জন: মেঘনা আলম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোটে জয়ী হওয়াই বিজয় নয়, যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসেনা, সেখানে আমি সাহস করেছি, এটিই আমার জন্য বড় অর্জন, এটিই আমার বিজয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে বিকাল ৪টায় ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
মেঘনা আলম বলেন, আমি গতকাল থানায় গিয়েছিলাম খোঁজ-খবর নিতে। আমাকে বারবার গানম্যান দেওয়ার কথা বলেও দেওয়া হয়নি। যদিও তারা আমি যখনই প্রচারণায় বের হয়েছি, তখনই আমাকে নিরাপত্তা দিয়ছেন। কিন্তু স্থায়ীভাবে কেন গানম্যান দেয়া হলো না কেন, সেটি জানতে গিয়েছিলাম।
তিনি বলেন, তারা শুরু থেকে আমাকে জানিয়ে আসছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের জন্য এটি আটকে আছে। তাহলে গতকাল পর্যন্ত আমাকে কেন গানম্যান দেওয়া হলো না।
মেঘনা আলম বলেন, যেহেতু আমি বৈধভাবে একজন এমপি প্রার্থী, সেহেতু আমার যে সম্মানটা পাওয়া দরকার, সেটি আমার নাগরিক অধিকার। কোন এক বিদেশিকে খুশি করতে তারা যদি এটি না দিয়ে থাকে, সেটি আসলে দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক।
মেঘনা আলম আরো বলেন, ইলেকশন কমিশনের নিজেদেরই উচিত স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। যদি তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে জনগণের কাছে ভূল বার্তা যায়। প্রার্থী হিসেবে যে প্রচারণা করা যায়, মেঘনা আলম সেখানে ১০ শতাংশের মধ্যে ২ শতাংশও করেনি। কিন্তু, অনেকে কত কত সীমা লঙ্ঘন করেছে।
