Logo
Logo
×

রাজনীতি

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ

দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখেই  শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। 

শনিবার (১৮ এপ্রিল) দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক দাউদকান্দি উপজেলার মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার শিক্ষার মানোন্নয়নে নকলমুক্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী করে দেশ-বিদেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিগত ফ্যাসিষ্ট সরকার শুধুমাত্র কাগজে কলমে পাশের হার বাড়িয়েছে, শিক্ষার গুণগত মানের উন্নয়নে কোন কাজ করেনি। তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। 

মাধ্যমিক  বিদ্যালয় ও শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নের জন্য নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করার জন্য খন্দকার মারুফ উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, নকলমুক্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠান এবং গুণগত মানোন্নয়নে দিনরাত কাজ করছে।    

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, বিশিষ্ট শিক্ষাণূরাগী এম. এ লতিফ ভুইয়া, নূর মো: সেলিম সরকার, আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ও ভিপি মো: জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ বলেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকগণও নকল বন্ধে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতের বিরাজমান দুর্নীতি ও বিশৃঙ্খলা  দূর করে শিক্ষার গুণগত মানের উন্নয়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।  শিক্ষার মান নিশ্চিত করতে সরকার শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করা হচ্ছে। ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং ‘আইটেম ব্যাংক’ ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, সরকার দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রতিটি বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান দেওয়া হবে। কোচিং সেন্টার শতভাগ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ড. খন্দকার মারুফ বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানের উন্নয়ন হয়।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি-মন্ত্রী থাকাকালীন দাউদকান্দিতে পৌরসভা, পৌর সদরে ২০ শয্যার হাসপাতাল ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছেন। ড. মোশাররফ নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি পৌর সদর ও ইলিয়টগঞ্জে ২টি ডিগ্রী কলেজ, তিতাসের গোপালপুরে হাইস্কুল, দাউদকান্দির গৌরীপুরে বালিকা উচ্চ বিদ্যালয়, নৈয়াইরে হাইস্কুল ও সোনাকান্দায় দাখিল মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন।  

ড. মোশাররফ নির্বাচনি এলাকার অসমাপ্ত সকল উন্নয়ন কর্মকাণ্ড ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছেন। 

ড. খন্দকার মারুফ হোসেন সকালে দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যাশিত ফলাফলের জন্য তোমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। সুশিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে,জাতীয়ভাবে অবদান রাখবে। তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা রয়েছে, নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তিনি (ড. মারুফ) পরীক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম