অলি আহমদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যা বললেন পাটওয়ারী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম
১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বিএনপি।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির লোক ছিলেন, পরে তাকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই ভবনে অবস্থান করছেন। ফলে বিএনপি এটিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছে ১১ দল। সংসদেও তারা জোরালো ও যুক্তিসঙ্গত ভূমিকা পালন করছে। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেই ১১ দলীয় জোট ও বিরোধী দল এই নির্বাচনে প্রার্থী দিয়েছে।’
প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি এবং প্রাপ্তি চিঠিও পেয়েছি। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।’

