অফিস সহকারী শিবু মোহান্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তর সহকারী শিবু মোহান্ত গোস্বামী।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তর সহকারী শিবু মোহান্ত গোস্বামী দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
এ অল্প বয়সে শিবুর আকস্মিক মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিবু মোহান্ত গোস্বামীর এ প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
গত জুন মাসে শিবু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি শঙ্কামুক্ত হয়ে সাধারণ বেডে স্থানান্তরিত হন। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে যান।
তবে সম্প্রতি আবারও শারীরিক জটিলতায় ভুগছিলেন শিবু। দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত ২৪ বছর বয়সেই থেমে যায় তার জীবনযাত্রা। গতরাতে দিনাজপুরে পারিবারিক শাস্ত্রমতে শিবু মোহান্তের লাশ সমাধি দেয়া হয়।
২০২৩ সালের জুলাই থেকে শিবু মোহান্ত গোস্বামী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে তার ভূমিকা, সাংগঠনিক দায়িত্ববোধ এবং আত্মত্যাগী মনোভাব সহযোদ্ধাদের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রয়াত শিবু মোহান্ত গোস্বামীর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

