Logo
Logo
×
   

রাজনীতি

জাতীয় সংকটকে আরও ঘনীভূত করতে কাজ করছে বিরোধী দল: রাশেদ খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

জাতীয় সংকটকে আরও ঘনীভূত করতে কাজ করছে বিরোধী দল: রাশেদ খান

রাশেদ খান। ছবি: সংগৃহীত

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও মূল্যায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জাতীয় সংকট নিয়ে বিরোধী দলের রাজনীতি না করে সরকারকে সহযোগিতা করা উচিত। বরং পরিস্থিতি উত্তপ্ত করে সংকটকে আরও ঘনীভূত করতে বিরোধী দল কাজ করছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান লিখেছেন, ‘৬ মাসে সরকারের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলেরও মূল্যায়ন জরুরি। যেহেতু গণ-অভ্যুত্থানের একটি শক্তি সরকার পরিচালনার দায়িত্বে, আরেকটি শক্তি বিরোধী দলে। সুতরাং রাষ্ট্র পুনর্গঠনে উভয়ের দায়িত্ব আছে। কিন্তু বিরোধী দল সরকারকে কতটুকু সহযোগিতা করছে, সেটাও মূল্যায়ন করার বিষয়।’

তিনি আরও লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না। আমরা একে-অপরের পরিপূরক।’

দেশের জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন জাতীয় সংকটের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, এসব সংকট বিএনপি সরকার সৃষ্টি করেনি। তার ভাষ্য, বিগত সরকারগুলোর প্রায় ২০ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার।

রাশেদ খান লিখেছেন, ‘জ্বালানি-বিদ্যুৎসহ যেসব জাতীয় সংকট রয়েছে, যা বিএনপি সরকার বিগত সরকারগুলোর প্রায় ২০ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেটি নিয়েও রাজনীতি করছে বর্তমান বিরোধীদল।’

তিনি বলেন, ‘বরং তাদের উচিত ছিল জনগণকে বোঝানো যে, এটা সরকার সৃষ্ট সংকট নয়, এটা আওয়ামী লুটপাট, ঋণের বোঝার চাপ, আওয়ামী পাপের ফসল ও অব্যবস্থাপনার কারণে হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের সময় এসব সংকটের সমাধান না হওয়ার বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘১৮ মাসে অন্তর্বর্তী সরকার যদি এসবের সমাধান করত, তবে বিএনপি সরকারের জন্য আরও সহজ হতো।’

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘কিন্তু মানুষকে বিভ্রান্ত করাসহ পরিস্থিতি উত্তপ্ত করে সংকটকে আরও ঘনীভূত করতে কাজ করছে বিরোধী দল।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .