দেশপ্রেমে লেখা সাফল্যের মহাকাব্য
খাঁটি দেশপ্রেমিক ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন সোচ্চার
আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে আমৃত্যু কাজ করে গেছেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও দূরদর্শী উদ্যোক্তা। তিনি দেশের শিল্প খাতের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। সমাজ, রাষ্ট্র, রাজনীতি-সব ক্ষেত্রেই তিনি ছিলেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তার এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক মুক্তিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এই বীর মুক্তিযোদ্ধা দেশের শিল্প ও বাণিজ্য খাতের এক অন্যতম পুরোধা। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সহসভাপতি। আজ তার মৃত্যুবার্ষিকী। এ দিনে আমি তার সেই দূরদর্শী চিন্তাভাবনা এবং দেশের শিল্প খাতের টেকসই উন্নয়নে রেখে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরতে চাই।
নুরুল ইসলাম সব সময় বিশ্বাস করতেন এবং জোর দিয়ে বলতেন, দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে দুটি মৌলিক উপাদানের কোনো বিকল্প নেই। প্রথমত, নিরবচ্ছিন্ন জ্বালানি এবং দ্বিতীয়ত, ব্যাংক ঋণের যৌক্তিক ও সহনীয় সুদহার। নুরুল ইসলাম বলতেন, জ্বালানি হলো যে কোনো শিল্পের লাইফলাইন বা প্রাণশক্তি। পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া কোনো কারখানা পূর্ণ সক্ষমতায় চলতে পারে না। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে তার সেই বক্তব্য আজ আরও বেশি প্রাসঙ্গিক। দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে এবং নতুন বিনিয়োগের পথ সুগম করতে জ্বালানি নিরাপত্তার বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যে ঋণের উচ্চ সুদ নিয়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন।
তার স্পষ্ট দর্শন ছিল ব্যাংক ঋণের উচ্চ সুদ থাকলে নতুন ব্যবসা শুরু করা কঠিন। বিদ্যমান ব্যবসার সম্প্রসারণও কোনোভাবেই সম্ভব নয়। উনার এ দর্শনটিও বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। নুরুল ইসলাম দেশের শিল্প খাতের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। সমাজ, রাষ্ট্র, রাজনীতি-সব ক্ষেত্রেই তিনি ছিলেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দেশের শিল্প ও সেবা খাতে নুরুল ইসলাম যে অসামান্য অবদান রেখে গেছেন, সেজন্য তার কর্মময় জীবন স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুবার্ষিকীতে আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি আমার ব্যক্তিগত এবং বিসিআইর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
লেখক : সভাপতি, বিসিআই
