Logo
Logo
×
   

সোশ্যাল মিডিয়া

হাসিনাকে নিয়ে আজহারীর মন্তব্যের ভাইরাল ফটোকার্ডটি সঠিক নয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:১২ পিএম

হাসিনাকে নিয়ে আজহারীর মন্তব্যের ভাইরাল ফটোকার্ডটি সঠিক নয়

মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন- শেখ হাসিনাকে সর্বোচ্চ মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে চায় জনগণ। আমরা ভুল করেছি। দেশ আগের চেয়ে বর্তমানে অনেক পিছিয়ে যাচ্ছে।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, মিজানুর রহমান আজহারী এমন কোনো মন্তব্য করেননি। যাচাই করে জানা যায়, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভাইরাল পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে দাবিটির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য সূত্র, ভিডিও, সংবাদ প্রতিবেদন বা বক্তব্যের লিংক উল্লেখ করা হয়নি। পাশাপাশি মূলধারার গণমাধ্যম, সংবাদমাধ্যমের ওয়েবসাইট কিংবা নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্মেও এ ধরনের বক্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।

জনপরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো ঘটনা নয়। সাধারণত এ ধরনের পোস্টে নির্ভরযোগ্য সূত্রের অনুপস্থিতি থাকে এবং সেগুলো দ্রুত ভাইরাল করার চেষ্টা করা হয়।

অতএব মিজানুর রহমান আজহারীর নামে শেখ হাসিনাকে নিয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম