Logo
Logo
×
   

সোশ্যাল মিডিয়া

পদোন্নতির পূর্বে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ ফিমা মহাপরিচালকের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

পদোন্নতির পূর্বে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ ফিমা মহাপরিচালকের

একটি স্বার্থান্বেষী মহল পদোন্নতির পূর্বে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিযোগ করেন ওমর ফারুক।ফেসবুকে তিনি একটি লিখিত প্রতিবাদও যুক্ত করেন।

শেখ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমার পদোন্নতির সম্ভাব্য সময়ের পূর্বে ধারাবাহিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ ও প্রচারের একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের সময়কাল এবং উপস্থাপনের ধরন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব সংবাদ প্রকাশের ফলে আমার দীর্ঘদিনের সরকারি চাকরিজীবনের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করার চেষ্টা হতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দুদকের জালে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক’, ‘৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ এবং অনুরূপ শিরোনামে এলজিইডির অডিট অধিদপ্তরের  সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলো উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন ওমর ফারুক।

তিনি ফেসবুকে লেখেন, আমি অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চাই যে, প্রকাশিত সংবাদে উল্লিখিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এসব অভিযোগের মাধ্যমে আমার দীর্ঘদিনের পেশাগত সুনাম, সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো অভিযোগের বিষয়ে অনুসন্ধান করলে সেটি একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। অনুসন্ধান চলমান থাকা মানেই অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে—এমন নয়। অনুসন্ধান মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়।

অথচ ওই সব সংবাদে অনুসন্ধানের বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ পাঠকের কাছে মনে হতে পারে যে আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এটি বিভ্রান্তিকর এবং ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আমি কোনো ধরনের সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ বা দুর্নীতির সঙ্গে জড়িত নই এবং প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যদি আমার বিরুদ্ধে কোনো ব্যক্তি বা মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করে থাকে, তাহলে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা হোক।পরিশেষে বলতে চাই, আমার বিরুদ্ধে প্রকাশিত এসব সংবাদ ও অভিযোগকে আমি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর হিসেবে প্রত্যাখ্যান করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .