|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে শুরুতে দল না পেলেও শেষ পর্যন্ত ভাগ্য খুলেছে মুনিম শাহরিয়ারের।
আগের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললেও এবারের নিলামে অবিক্রীত ছিলেন ডান-হাতি এই ওপেনার। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।
২০২২ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ছয় ম্যাচে ১৭৮ রান করে নজর কেড়েছিলেন মুনিম। একই বছর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টি ২০ অভিষেক হয় তার।
তবে নিজেকে প্রমাণ করতে না পারায় পাঁচ ম্যাচের পর বাদ পড়েন তিনি। এরপর থেকেই সময়টা ভালো যাচ্ছিল না তার। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর খুলনা টাইগার্সের হয়ে চার ম্যাচে মাত্র ২৮ রান করেন মুনিম। গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে সমান ম্যাচে করেন ৬৪ রান।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পাঁচ ম্যাচে ১৬২ রান করেছিলেন। এবারের বিপিএল নিলামে দল পাননি তিনি।
হতাশায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন মুনিম। আক্ষেপের অবসান হলো।
নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হয়ে বিপিএলে ফেরার সুযোগ পেয়েছেন মুনিম। অভিষেকে তিন ম্যাচেই হেরেছে তারা। দলে যোগ দিয়ে নোয়াখালীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে মুনিম লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ।’
